বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে হাম-রুবেলা প্রতিরোধে ২৬ সেপ্টেম্বর থেকে জাতীয় টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। মাসব্যাপি এ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। হাম রোগের চলমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় যশোর জেলাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
ক্যাম্পেইনের আওতায় ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী (৫৯ মাস) আগে টিকা না পাওয়া বা বাদ পড়া শিশুদের এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। স্থায়ী টিকাদান কেন্দ্রসহ যশোর জেলায় প্রায় ২ হাজার ৫০০টি কেন্দ্রে পূর্বের ন্যায় এ টিকা প্রদান করা হবে।
যশোর জেলায় এ ক্যাম্পেইনের আওতায় মোট ১৬ হাজার ৫০৩ জন বাদপড়া শিশুকে এমআর টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে যশোর সদর উপজেলায় ৪ হাজার ৫১ জন, যশোর পৌরসভায় ৮২৫ জন, চৌগাছায় ২ হাজার ২৫৯ জন, বাঘারপাড়ায় ১ হাজার ৬২৪ জন, অভয়নগরে ১ হাজার ৩৮০ জন, মনিরামপুরে ২ হাজার ৪১ জন, কেশবপুরে ১ হাজার ২৫৮ জন, ঝিকরগাছায় ১ হাজার ২৫০ জন এবং শার্শায় ১ হাজার ৮১৫ জন শিশু রয়েছে।
ক্যাম্পেইন পরিচালনার জন্য যশোর জেলায় পর্যাপ্ত এমআর টিকার মজুদ রয়েছে। বর্তমানে মজুদের পরিমাণ ৭২ হাজার ৭০০ ডোজ। প্রতিটি ভায়ালে ১০ ডোজ করে টিকা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পূর্বে হাম-রুবেলার টিকা পায়নি বা কোনো কারণে বাদ পড়েছে এবং বিগত তিন মাসে ৬ মাস বয়সে উপনীত হলেও এখনো টিকা নেয়নি—এমন শিশুদের এ ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে।
