পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় গত ৩ দিনেও পুলিশ কর্তার মা ভারতী মন্ডল (৫৫) হত্যাকাণ্ডের কোন ক্লু উদ্ধার হয়নি। তবে, পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ ব্যক্তিকে থানা হেফাজতে নিয়েছেন।
এদিকে ঘাতকের হাতে প্রিয় মা হারিয়ে একমাত্র ছেলে পুলিশের এসআই চিন্ময় মন্ডল এখন শুধু বিলাপ করছেন।
থানা পুলিশ দ্রুত সময়ে নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের আশাবাদ ব্যক্ত করে নিহত নারীর মোবাইলের সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করে ওসি গোলাম কিবরিয়া এ প্রতিনিধিকে জানান, বেশকিছু সূত্র ধরে নিবিড় ভাবে হত্যাকণ্ডের তদন্ত চলছে।
তিনি আরোও বলেন, ঘটনার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভারতী মন্ডলের ঘরে ঢুকে জিনিসপত্র নছনছ করে টাকাসহ বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ধারণা করা হচ্ছে এ সময় নিহত ভারতী তাদেরকে চিনতে পারায় দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারান। এ অবস্থায় বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে নিয়ে ঘাতকরা তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে লাশ পুকুরে ফেলে পালিয়ে যায়।
জানা গেছে, স্বামী প্রভাষ মন্ডল দীর্ঘদিন ধরে পৌর সদরে বসবাস করা ও একমাত্র ছেলে পুলিশ অফিসার অন্যত্র কর্মরত থাকায় ভারতী মন্ডল বাড়িতে একাই থাকতেন।
তবে, ঘটনার রাত ১১ টায় মোবাইলে ছেলে চিন্ময়ের সাথে তার মার সাথে শেষ কথা হয়। সর্বশেষ রাত ১ টার দিকে ছেলে পুনরায় মোবাইল করলে রিং হলেও ফোন রিসিভ হয়নি।
সূত্র জানায়, জমি বা অন্যান্য বিষয় নিয়ে ভারতী মন্ডলের সাথে অনেকের মনোমালিন্য ছিল। এ ঘটনার পর এলাকায় মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে উপজেলার লতা’র পুতলাখালীতে পুলিশের এসআই চিন্ময় মন্ডলের মা ভারতী মন্ডল বসতঘরে একা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে কে বা কারা তাকে নির্মম ভাবে হত্যা করে টাকাসহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

