মহেশপুর সংবাদদাতা :
মহেশপুর কলেজ বাসস্ট্যাণ্ডের পাশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, মাঝ রাতে আগুন লাগার পর মুহূর্তের মধ্য তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় ওই মার্কেটের নয়টি দোকানে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল ও লেদকারখানার সরঞ্জামসহ মেরামতরত একটি ট্রাক ভস্মীভূত হয়।
খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বণিক সমিতির সভাপতি মমিন খান বলেন, রাতের আঁধারে ৭টি দোকান পুড়ে যাওয়ায় ওই ব্যবসায়ীরা পথে বসে গেছেন। তিনি আরও বলেন দোকানগুলো এমন ভাবে পুড়েছে যে সেখান থেকে কোন কিছু নিয়ে কাজে লাগানোর মত নেই।
এদিকে বুধবার সকালে ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, জামায়াতের উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, সহকারী সেক্রেটারি আমিরুল ইসলাম, পৌর আমির নওফেল হোসেন।

