চৌগাছা সংবাদদাতা :
যশোরের চৌগাছায় পানিতে ডুবে আবু হুরাইরা (৪) ও মাহমুদ হাসান (৩) নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) ও তার ভাগ্নে যশোর সদর উপজেলার কাসিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান (৩) বাড়ির উঠানে খেলা করছিলো।
এ সময় পরিবারের লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায় তারা। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে উদ্ধার করে চৌগাছা আনিছুজ্জামান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
