বাংলার ভোর প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজীবী, প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক অ্যাডভোকেট তৌহিদুর রহমান আর নেই। সোমবার ভোরে ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
১৯৩৬ সালের ২২ জুন নড়াইলের মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট তৌহিদুর রহমান। ১৯৫৩ সালে যশোরে আয়কর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। আইন পেশার পাশাপাশি ১৯৬০ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত হন। প্রথমে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এবং পরে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে যশোরের সংবাদপত্র জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
যশোরের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে তার অবদান ছিল বহুমাত্রিক। প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সংগঠনটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন ভাইস-চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃত্বে থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন।
আইন, সাংবাদিকতা ও সমাজসেবায় দীর্ঘ কর্মময় জীবনে তিনি যশোরের জনজীবনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক, আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের সন্তানরা দেশের বাইরে অবস্থান করছেন। তাঁদের উপস্থিতির পর আগামী বুধবার ঢাকার ধানমণ্ডি তাকওয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
অ্যাডভোকেট তৌহিদুর রহমানের মৃত্যুতে দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীনসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
