বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় গরু চুরির সন্দেহে জনতার হাতে আটক এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার ভোররাতে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় নিজের নাম মিজানুর রহমান বলে পরিচয় দেন। তিনি কুষ্টিয়া জেলার লালন শাহ বাজার সংলগ্ন বাটকেমারি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্রের বরাতে চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানান, সোমবার রাত প্রায় ৩টার দিকে বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বাড়ির মালিক বিষয়টি টের পান। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে সন্দেহভাজনদের ধাওয়া করে। তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও মিজানুর রহমান নামে একজনকে আটক করা হয়।
পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
গরুর মালিক ইদ্রিস আলী জানান, বাঘারদাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। প্রায়ই রাত জেগে পাহারা দিতে হয় গ্রামবাসীকে। এক বছর আগে তার তিনটি গরু চুরি হয়েছিল। এছাড়া গত দুই-তিন বছরে গ্রামটিতে অন্তত ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
ইদ্রিস আলী বলেন, রাতে বাইরে বের হয়ে গোয়ালঘরের কাছে তিনজনকে দেখতে পাই। চিৎকার দিলে গ্রামবাসী এসে তাদের ধাওয়া করে। একজনকে আটক করা হয়, অন্য দুজন পালিয়ে যায়।
চৌগাছা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতজনিত কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
