বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের শার্শায় মুরগীর বাচ্চা বাহনকারী এক কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেইনট্রি কড়ই গাছে ধক্কা দিলে গাড়ির হেলপার আরিফ হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালক রানা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬ টার সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশী খাজুরা জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত হেলপার আরিফ হোসেন (৩৫) বগুড়া জেলার শেরপুর থানার নয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক রানা (৪০) একই জেলার ধুনট থানার চরশিমুল গ্রামের মজনু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে নাভারণ থেকে সাতক্ষীরাগামী মুরগীর বাচ্চা বাহনকারী কাভার্ডভ্যানটি খাজুরা জামে মসজিদের সামনে পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার দুজনেই মারাত্মক আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডা. নিজাম উদ্দিন হেলপার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নাভারণ হাইওয়ে থানার পুলিশ ও শার্শা থানা পুলিশ প্রাথমিক তদন্তের জন্য হাসপাতালে পৌঁছানোর আগেই চালক রানা গোপনে নিহত হেলপার আরিফ হোসেনের লাশ নিয়ে পালিয়ে যান।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার পাল জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এবং মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
