বাংলার ভোর প্রতিবেদক
ঐক্য, সৌহার্দ্য ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে যশোর স্টেডিয়াম সংলগ্ন পৌর হকার্স মার্কেটে এ আয়োজন করা হয়। জেলা এনসিপির নেতাকর্মীরা এতে অংশ নেন।
সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের আপামর ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির হাত ধরে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখি করতে নেতাকর্মীদের মধ্যে নিয়মিত মতবিনিময়, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে এবং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যশোর জেলা এনসিপির সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপি যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. বায়জিদ হুসাইন, জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক ইমদাদ হোসেন, সদস্য সচিব ফারহীন আহমেদ, জাতীয় ছাত্রশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক খান মিফতাহুল অমিত ও সদস্য সচিব আল হাসিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি যশোর জেলা শাখার প্রচার সম্পাদক ফাহিম আল ফাত্তাহ।
মতবিনিময় সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি ও এনসিপি যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু সমাপনী বক্তব্য রাখেন।
