নড়াইল সংবাদদাতা :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যা (৫০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ সকালে শিশুটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিবেশী আসাদ মোল্যা শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসাদ পালিয়ে যান।
খবর পেয়ে শিশুটির বাবা-মা বাড়িতে ফিরে গুরুতর অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৫ মার্চ নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার বিচারিক কার্যক্রমে বাদীসহ মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন।
নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ রায়ে বাদীপক্ষসহ রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
