কেশবপুর সংবাদদাতা
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ এবং সাধারণ মানুষকে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে যশোরের কেশবপুরে ইধহমষধ ছজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বুধবার কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ইসমাতআরা অডিটোরিয়ামে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক কেশবপুর শাখার ম্যানেজার গোলক চন্দ্র মণ্ডল। ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার সহকারী পরিচালক নাফিউল করিম। অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কেশবপুর শাখার ম্যানেজার আলমগীর হোসেন, অগ্রণী ব্যাংকের ম্যানেজার বিএম মাহবুবুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংকের ম্যানেজার মো. কামরুজ্জামান এবং কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল বারীসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলার কিউআর-এর মাধ্যমে লেনদেন করলে নগদ টাকা বহনের ঝুঁকি ও খুচরা টাকার ভোগান্তি কমে। একই সঙ্গে লেনদেন আরও সহজ, দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ করা সম্ভব। ডিজিটাল লেনদেন বাড়লে চুরি, ছিনতাই ও জাল নোটের ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব।
শেষে বাংলার কিউআর ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেশবপুরের প্রধান সড়কে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
র্যালিটি কেশবপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিজিটাল লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করে।
