নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলায় ৭ নম্বর লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা প্রবাস চন্দ্র সরকার এবং অশোক কুমার বিশ্বাস সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার বেলা ১২ টায় উপজেলার কামঠানা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পদত্যাগ করা দুই নেতা হলেন, লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রবাস চন্দ্র সরকার এবং অশোক কুমার বিশ্বাস স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে ছিলেন।
এদিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে আছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্পিত দায়িত্ব যথাসাধ্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমানে বয়স বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ। একই সঙ্গে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণেও নিয়মিতভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
তাই নিজের ইচ্ছায় এবং কারও প্ররোচনা বা চাপ ছাড়াই বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তারা। একই সঙ্গে স্ব স্ব পদ থেকেও স্থায়ীভাবে পদত্যাগ করার ঘোষণা দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি টানতে চান।
তারা বলেন, তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ বিষয়ে কারও প্রতি কোনো অভিযোগ বা বিরূপ মনোভাব নেই। রাজনৈতিক জীবনে যারা সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওই দুই নেতা।
