রামপাল সংবাদদাতা
রামপাল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উদযাপন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের আলো ছড়িয়ে গত পাঁচ দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদরাসা। প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর জন্য আনন্দ, গৌরব ও বিশেষ উপলক্ষ। মাদরাসাটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার পথ চলা বেগবান হোক। অনুষ্ঠান আগত সকলের প্রতি শুভ কামনা ও শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম।
মাদরাসা অধ্যক্ষ শরীফ আব্দুল কাদির জানান, ১৯৭৬ সালে ইবতেদায়ি পর্যায়ে পাঠদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ পাঁচ দশকে এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তাদের অনেকে শিক্ষকতা, আইন পেশা, সাংবাদিকতা, রাজনীতি ও প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে আয়োজিত নানান কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান, প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া ও মরণোত্তর সম্মাননা, প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে দোয়া, বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ হেদায়েত হুসাইন জানান, মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের মধ্যে কেউ উচ্চশিক্ষা গ্রহণ করে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, আবার কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া অসংখ্য আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিবিদসহ বিভিন্ন পেশায় সফল ব্যক্তিত্ব এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মমর্তা তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মানোয়ার হুসাইন তামিম, মাদরাসার অধ্যক্ষ শরীফ আ. কাদির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী প্রমুখ।
