বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপি কার্যালয়ে যুক্ত হয়েছে সোনার প্যানেল (সৌর বিদ্যুৎ) প্রকল্প। বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে প্রথমবারের মতো দেশের কোন রাজনৈতিক কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা হলো। দেশের অন্য কোন রাজনৈতিক কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে কি না? আমার জানা নেই।
তিনি বলেন সরকার আগামী গ্রীস্মের আগে সোলার প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়। আমরা মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। সরকারও অনেক নীতি সহায়তা দিচ্ছে এবং এর মাধ্যমে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে চাই। আমরা আশাবাদী সোলার প্যানেল স্থাপন নিয়ে মানুষের মাঝে যে আগ্রহ পেয়েছি এতে করে আগামী গ্রীস্মের আগে সরকারের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। যশোর তথা দক্ষিণাঞ্চলের সমগ্র সেচ পাম্পগুলো সোলার প্যানেলে রূপান্তর করা হবে। এতে করে ডিজেল এবং বিদ্যুতের ওপর নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে। এর ফলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে।
তিনি বলেন, জেলা বিএনপি কার্যালয়ে যে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এটা চাহিদার চেয়ে যথেষ্ট। এখান থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে, সে ব্যবস্থা রাখা হয়েছে। জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে স্থাপন করা সোলার প্যানেলের ব্যয় আগামী ৩ থেকে সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
