আশাশুনি সংবাদদাতা :
আশাশুনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি উপজেলার নাকতাড়া কালিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, সব্দালপুর সার্বজনীন দুর্গা মন্দির, মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গা মন্দির ও বুধহাটা সার্বজনীন দুর্গা মন্দির গমন করেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো দুর্গাপূজা উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করেছে সরকার। আমরা চাই শুধু সাতক্ষীরা নয় দেশব্যাপি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হোক।
পরিদর্শনকালে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
