বাংলার ভোর প্রতিবেদক :
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, যশোর-১ ও যশোর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি এমপি।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। প্রত্যেকে যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে জন্য পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ সমাজের সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উৎসবের আনন্দ সবার। সমাজে বিভেদ নয়, বরং সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুস আলী দফাদার, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মীর আফরোজ মনা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইসলামুল হক চঞ্চল ও সাবেক সহসম্পাদক প্রকৌশলী মো. নওয়াজীস ইসলাম রিয়েল।
এ ছাড়া উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা যুবদলের সদস্যসচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. সাইফার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি, চৌগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক হাকিম রেজা, ছাত্রদল নেতা আলামিন ইসলাম তুহিন, বিএম সরোয়ার, মেহেদী হাসান শয়নসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
