কপিলমুনি সংবাদদাতা
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে নানা আয়োজনে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে সনাতন সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
সনাতনীদের বড় এ ধর্মীয় উৎসব আয়োজনেকপিলমুনিতে কোন কমতি ছিলনা। দুর্গাপ্রতিমার পাশাপাশি গেট, প্যান্ডেল ও আলোক সজ্জায় নজরকাড়া আয়োজন ছিলো মন্দির প্রাঙ্গণ জুড়ে। বুধবার ছিল এ উৎসবের শুভ বিজয়া। দশমীপর্বের সকল আনুষ্ঠানিকতা শেষে বেলা ২টা থেকে পুজা মন্ডপগুলো থেকে দুর্গাপ্রতিমা বের করে কপোতাক্ষ নদের কপিলেশ্বরী কালী মন্দিরের বির্সজন ঘাটে এনে রাখা হয়। শুরু হয় নর-নারীদের সিঁদুর খেলা। ঢাক ঢোল আর বাজি বাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।
এ সময় দূর-দূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থীরা নাচ গানের উৎসবে মেতে ওঠেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে বির্সজন পর্ব শুরু হয়। এক এক করে কালী ঘাটে থাকা ও নৌকায় প্রদর্শনের জন্য আনা প্রতিমা কালী ঘাটের সামনে কপোতাক্ষ নদের জলে “মা তুমি আবার এসো” বলে অশ্রুভেজা নয়নে বিদায় জানান।
এ বছর পুজা শুরু থেকে আনসার, পুলিশ ও গোয়েন্দা টিমের প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কপিলমুনি কালী ঘাটে বিসর্জন পর্বে উপস্থিত ছিলেন, চম্পক কুমার পাল, শেখ ইমাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন ডাবলু, সাধন কুমার ভদ্র, আমিনুল ইসলাম বজলু, আবু তালেব, সন্তোষ সরকার, রাম প্রসাদ পাল ও স্বপন সাহা প্রমুখ।
