মাগুরা সংবাদদাতা :
মাগুরায় পৌর যুবদল নেতা ও মোটর শ্রমিক ইউনিয়নের প্রাথমিক সদস্য সাকের হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মাগুরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়ন।
নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে জেলাজুড়ে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।
শুক্রবার আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি ও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একজন মোটর শ্রমিকের হত্যাকাণ্ডের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, সাকের হোসেন হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের শনাক্ত করে প্রকাশ এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে মাগুরা জেলার সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে মাগুরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল আহমেদ খান, সাধারণ সম্পাদক মারুফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
