অভয়নগর সংবাদদাতা :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ভাঙাগেট এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দারুল উলুম কাপাশহাটী (কওমি) ইসলামিয়া মাদ্রাসা পুনরায় চালু ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মাদ্রাসার ভাঙ্গাগেট শাখা কমিটির উদ্যোগে হাজী মার্কেটের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাকিব উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন হাজী মার্কেটের সভাপতি ও পরিচালক আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওয়াপাড়া পৌর যুব জামায়াতের আমির মাসুম বিল্লাহ।
সভায় মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা নজরুল ইসলাম শেখ প্রতিষ্ঠানটির ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, ১৯৬৯ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর প্রায় ১০ বছর ধরে এখানে হিফ্জ ও জামাত বিভাগে এলাকার শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করত। পরবর্তী সময়ে কালবৈশাখী ঝড়ে মাদ্রাসা ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। অর্থসংকটের কারণে এরপর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
দীর্ঘ কয়েক যুগ ধরে বন্ধ থাকা মাদ্রাসাটি পুনরায় সচল করতে সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন এবং শিক্ষাকার্যক্রম পুনরায় চালুর বিষয়ে মতবিনিময়ের জন্যই এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবু নাঈম মোড়ল বলেন, “ইসলামি শিক্ষার মতো একটি মহৎ ও দ্বীনি কাজে সম্পৃক্ত হতে পেরে মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আমি আমার অবস্থান থেকে সব সময় এই প্রতিষ্ঠানের পাশে থাকব।”
বিশেষ অতিথি নওয়াপাড়া পৌর বিএনপির সহ সভাপতি জাকির হোসেন বলেন , “কাপাশহাটী এলাকার ইসলামি শিক্ষা ও ঐতিহ্যের ধারক ছিল এই মাদ্রাসা। ভবনটি বিধ্বস্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। মাদ্রাসাটি পুনরায় চালু ও সংস্কারের উদ্যোগে আমি সব সময় পাশে থাকব।”
সভায় বক্তারা মাদ্রাসাটির পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা, প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা এবং পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
