বাংলার ভোর প্রতিবেদক
“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো”-এই স্লোগানকে সামনে রেখে যশোরে শিশু-কিশোরদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলকুঁড়ি আসরের উদ্যোগে আয়োজিত হয়েছে শিশু কিশোর সমাবেশ, পুরস্কার বিতরণী এবং ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
শনিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা, গান প্রতিযোগিতাসহ পাঁচটি বিভাগে বিজয়ী ৭০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়।
ফুলকুঁড়ি আসর যশোর শাখার সহসভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সময় তিনি বলেন, “আলোকিত মানুষ তৈরি করা। শুধু ভালো রেজাল্ট করলেই হবে তা না, একটা ভালো মানুষ এবং ভবিষ্যতে একটা সুন্দর জাতি গঠন করা আমাদের লক্ষ্য। যদি আমরা ভালো যুবক-যুবতী ও তরুণদের তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ ভবিষ্যতে একটি সুন্দর দেশ হবে, যেখানে সবাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি বর্তমান যুবসমাজকে অপসংস্কৃতি ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে হবে। আজকের মিডিয়া ও ইন্টারনেটের যুগে তরুণ-তরুণীদের সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে শিক্ষক এবং পিতা-মাতাকে সম্মান করার মাধ্যমেই প্রকৃত ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন ও যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের নৈতিকতা, দেশপ্রেম, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।
শিশু-কিশোরদের সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর যশোরের পরিচালক মহিবুল্লাহ হোসেন, সংগঠনের অন্যান্য সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকেরা। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
