লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের আলোচিত চুরি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি অন্তর শেখ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ এস আই আজাদ, এ এস আই মুস্তাক, এ এস আই তাজিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি অন্তর শেখ কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্তর শেখ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরসুচাইল গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ফেব্রুয়ারি ২০২৫ সালে ইতনা ইউনিয়নের পাংখারচর এলাকায় প্রতিবেশী শরিফুল শেখ কৌশলে তারেক শেখের বাড়িতে খিচুড়ি দিয়ে যায়।
ওই খিচুড়ি খেয়ে তার স্বামী অচেতন হয়ে পড়ে। ওইদিন রাত দেড়টার দিকে ৩ জন দুষ্কৃতকারী বাড়ির সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার গলার চেইন, দেড় ভরি ওজনের হাতের বালা, কানের দুল ও নাকফুল সহ আনুমানিক সাড়ে ৪ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী তারেক শেখের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ২/৩ জনের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪০/২৫ । পুলিশ সূত্রে জানা গেছে, চুরির মামলার চার্জশিটভুক্ত তিনজন আসামিরা হলেন লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের ইলিয়াস শেখ, চরঘোনাপাড়া গ্রামের শরিফুল শেখ ও চরসুচাইল গ্রামের অন্তর শেখ।
এর মধ্যে ইলিয়াস শেখ ও শরিফুল শেখ কে পুলিশ আগেই গ্রেফতার করেছিল। তারা দীর্ঘদিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। অন্তর শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সে কখনোই আদালতে আত্মসমর্পণ করেনি এবং বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি অন্তর কে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
