বাংলার ভোর প্রতিবেদক
‘জ্বালানি সাশ্রয়, পরিবেশ বান্ধব, স্মার্ট গতিশীলতা-এক উজ্জ্বল ভবিষ্যৎ’ স্লোগান সামনে রেখে যশোরে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত সানরা ইলেকট্রিক বাইকের নতুন শোরুম। বাংলাদেশে সানরা-এর অনুমোদিত পরিবেশক রিপন অটোস (প্রা.) লিমিটেডের উদ্যোগে শহরের রেল রোডে বর্ণাঢ্য আয়োজনে শোরুমটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন চীনের জিয়াংসু শিনরি ই-ভেহিকল কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক ফ্রাঙ্ক ফ্যাং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপন অটোস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু, ব্যবস্থাপনা পরিচালক আয়াজ উদ্দিন রিপন, ভাইস চেয়ারম্যান আহাদ হোসেন, পরিচালক আসাদুজ্জামান প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা জানান, বাংলাদেশে স্মার্ট, আধুনিক ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসারে সানরা-এর পরবর্তী প্রজন্মের ইলেকট্রিক বাইক বাজারে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। যশোরে নতুন শোরুম চালুর মধ্য দিয়ে ক্রেতাদের কাছে এসব আধুনিক বৈদ্যুতিক যানবাহন পৌঁছে দেয়ার সুযোগ আরও সম্প্রসারিত হলো।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা। হলুদ শাড়িতে সজ্জিত নারীদের অংশগ্রহণে সানরা ইলেকট্রিক বাইক নিয়ে শোভাযাত্রাটি রেল রোড থেকে বের হয়। পরে শহরের খুলনা স্ট্যান্ড, খাজুরা স্ট্যান্ড ও দড়াটানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রেল রোডে অবস্থিত শোরুমে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ইলেকট্রিক বাইকের বহর ও অংশগ্রহণকারীদের বর্ণিল উপস্থিতি শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
