বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার ও যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।
যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, ভিকটিম লিজার বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানীর বাড়িতে থাকতো। সম্প্রতি নানীও তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর রাফেজা নামে এক নারীর সাথে তার পরিচয় হয় এবং সে লিজাকে পাত্রস্থ করে দেয়ার প্রস্তাব দেয়। এরপর লিজাকে যশোর জেলা প্রশাসক কার্যালয় এলাকায় এনে ভুয়া বিয়ের নামে পাচারের প্রক্রিয়া চালায় রাফেজা ও সেন্টু নামে এক যুবক। বিয়ের সাজে বসে থাকায় পথচারীদের সন্দেহ হয়। এরপর রাফেজা ও সেন্টু ফিরে এলে জনতার প্রশ্নবানে তারা বিভ্রান্তিকর তথ্য দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিজাকে উদ্ধার এবং রাফেজা ও সেন্টুকে আটক করে।
ওসি আরো জানান, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
