শ্যামনগর সংবাদদাতা
বনদস্যু নির্মূলের দাবিতে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালিরা। সোমবার সকাল ১০টায় সুন্দরবনের মাছ ও কাঁকড়া আহরণ করতে যাওয়ার প্রবেশপথ বন্ধ করে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা ডিঙ্গি নৌকা নিয়ে অংশগ্রহণ করেন।
সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক।
কর্মসূচি থেকে জেলেরা দাবি জানান, সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের উদ্ধার, বনদস্যুদের আস্তানা চিহ্নিত করে নির্মূল এবং সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া প্রত্যেক জেলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, বনদস্যুদের ভয়ে যদি সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ রাখতে হয়, তাহলে উপকূলের হাজার হাজার জেলে পরিবারের জীবিকা মারাত্মক সংকটে পড়বে। তাই শুধু আশ্বাস নয়, বনদস্যু নির্মূলে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা।
জেলে বাবলু বলেন, সুন্দরবন তাদের জীবিকার অন্যতম প্রধান উৎস। এই জীবিকা রক্ষা এবং নিরাপদে বনে প্রবেশের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
