নড়াইল সংবাদদাতা
নড়াইল সদর উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি মামা-ভাগ্নেকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়।
সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়া গ্রামের আহাদ শেখ (৩৮) এবং ভাটিয়া দক্ষিণপাড়া গ্রামের সৈয়দ সাজ্জাদ আলী (৪৯)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, রোববার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় আহাদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে ডিএনসির একটি দল।
অভিযানে ঘরের ক্যাবিনেট ও আসামির লুঙ্গির কোচর থেকে অভিনব কায়দায় লুকানো পাঁচটি নীল রঙের জিপারের মধ্যে ২০০টি করে সর্বমোট ১ হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান তারা দীর্ঘদিন ধরে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
