শাহীদুল ইসলাম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়ে কলা চাষ করে বাড়তি উপাজন করছে কৃষকরা। মাছ চাষের পাশাপাশি বাড়তি আয় হচ্ছে কলা চাষে। ঘেরের পাড়ে পতিত জমি ফেলে না রেখে সেখানে কলাগাছ লাগিয়ে এক দিকে যেমন জমির সঠিক ব্যবহার হচ্ছে, অন্যদিকে মাছ চাষের পাশাপাশি মিলছে বাড়তি আয়ের সুযোগ। কম খরচে তুলনামূলক ভালো লাভ হওয়ায় দিন দিন ঘেরের পাড়ে কলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।
উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মৎস্য ঘেরের পাড়ে সারি সারি কলাগাছ লাগানো গাছে ঝুলছে কলার কাদি। ঘেরের পাড়ে কলা চাষ করায় আলাদা করে জমি ব্যবহারের প্রয়োজন হচ্ছে না। ফলে কৃষক একই জমিতে মাছের চাষ ও কলার আবাদে খুশি।
রোববার বিকেলে নলদী ইউনিয়নের ঘের মালিক কামরুল মোল্যা বলেন, তিনি ৯ একর জমিতে মাছের ঘেরের পাড়ে কলা চাষ করেছেন। প্রথমে ৬০০টি কলার চারা দিয়ে চাষ শুরু করলেও বর্তমানে তার ঘেরের পাড়ে কলাগাছের সংখ্যা হাজারেরও বেশি। প্রতি ২০ থেকে ২৫ দিন পর পর তার ঘের থেকে কলা কেটে নিয়ে যান পাইকারী ব্যবসায়ীরা।
লক্ষীপাশা ইউনিয়নের মৎস্য চাষী রইচ উদ্দীন টিপু বলেন, এক সময় মৎস্য ঘেরের পাড় এমনিতেই পড়ে থাকত। গত তিন বছর ধরে ঘের পাড়ে কলা চাষ করছি। কলা চাষে খরচ তুলনামূলক কম এবং এটি লাভজনক। তবে পরিকল্পিতভাবে চাষ করলে মৎস্য ঘেরের পাড় থেকেও ভালো আয় করা সম্ভব।
মিঠাপুর গ্রামের মৎস্য ঘের মালিক শাহিন শেখ বলেন, ২০১৬ সাল আড়াই একর জমিতে মাছের ঘের কাটি। পাশে একটি ঘেরের পাড়ে কলার চাষ দেখে অনুপ্রাণিত হই। সেখান থেকে কলার চারা সংগ্রহ করে নিজের ঘেরের পাড়ে রোপণ করি। মাত্র ৫০০টি কলার চারা দিয়ে চাষ শুরু করলেও বর্তমানে আমার ঘেরের পাড়ে প্রায় দুই হাজার কলাগাছ রয়েছে। এসব গাছ থেকেই নিয়মিত কলা বিক্রি করছি।
কাশিয়ানী উপজেলার পাইকারি কলা ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, বিভিন্ন ঘেরের পাড় থেকে প্রতি দিন প্রায় ৫০ থেকে ২০০ কাদি কলা কেনেন। কলার আকার, কাদির পরিমাণ ও মান অনুযায়ী প্রতিটি কাদি ১৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত দামে কেনা হয়। ঢাকার আড়তে কমিশনের ভিত্তিতে এসব কলা বিক্রি করা হয়। বিক্রির পর আড়তদারের কমিশন, পরিবহন, শ্রমিক ও অন্যান্য খরচ বাদ দিয়ে লাভের হিসাব করা হয়। ঘেরের পাড়ে চাষ করা কলা, তুলনামূলক ভালো স্বাদ ও রঙের হওয়ায় ঢাকার বাজারে এর চাহিদা রয়েছে। তবে সরবরাহ বেশি হলে দাম কমে যায়, আর সরবরাহ কম থাকলে দাম বেড়ে যায়।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা জানান, ঘেরের পাড়ে পতিত জমিতে কম খরচে তুলনামূলক ভালো লাভ হওয়ায় দিন দিন ঘেরের পাড়ে কলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।
