নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া :
ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলে তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি বায়তুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে পাবনা জেলার হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর বায়তুল খুলনা থেকে পালিয়ে পাবনায় চলে যান। সেখানে হেমায়েতপুরে তার এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর হত্যাকাণ্ড সম্পর্কে বায়তুল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
