বাংলার ভোর প্রতিবেদক
খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমের যশোর জেলা সফর উপলক্ষে বিশেষ কল্যাণ সভা, বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পুলিশ অফিসার্স মেসে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার কথা শোনেন ডিআইজি। কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্য সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে বিকেল ৩টায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সবশেষে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধমূলক কার্যক্রম ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
