বাংলার ভোর প্রতিবেদক
কারো বয়স তিন, কারো চার, কারো বা তার চেয়ে সামান্য বেশি। স্পষ্ট বাচনভঙ্গি এখনো আয়ত্বে আসেনি। এরকম বয়সের শিশুদের পরিবেশনায় অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলে হয়ে গেল ক্লাস পার্টি। যশোরের প্রথম এ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ঘোপ সেন্ট্রাল রোডের ক্যাম্পাসে মঙ্গলবার হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের ইংরেজি-বাংলা ছড়া, কবিতা, গল্প, নাচ-গানসহ নানা পরিবেশনা মুখরিত করে তোলে স্কুল প্রাঙ্গণ। মুগ্ধ হন অতিথি-অভিভাবক-শিক্ষক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের বিশিষ্ট ব্যক্তিত্ব স্কুল পরিচালনা পরিষদের সেক্রেটারি একে শরফুদ্দৌলা ছোটলু। অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও স্কুল পরিচালনা পরিষদের সদস্য মারুফ হোসেন।
অধ্যক্ষ সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শাহিনুর বেগম, শিক্ষক মো. সজিব, আবিদা মাজেদ, সেলিনা নাহার, রিজওয়ানা নাহিদ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুল পরিচালনা পরিষদের সেক্রেটারি একে শরফুদ্দৌলা ছোটলু বলেন, তিন দশক আগে যশোরে ইংরেজি শিক্ষার ভিত গঠনের প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুল। সেদিনের সে প্রত্যয় আজ বাস্তবতায় রূপ নিয়েছে। দেশে-বিদেশে এ স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখছেন।
সভাপতির বক্তব্যে সাইফুর রহমান সাইফ বলেন, এ স্কুলের বিশেষত্ব হলো ক্লাসের পড়া ক্লাসেই শেষ করা। এখানে হোমওয়ার্ক বা বাড়ির কাজের বাড়তি চাপ নেই। ক্লাসে না পড়িয়ে কোন শিশুর ওপর সিলেবাস চাপিয়ে দেয়া হয়না। ক্লাসে বসে তারা ইংরেজি শেখে। বাস্তবতার নিরিখে। মুখস্ত করে নয়।
