নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে গোলনা এলাকায় স্বামী-স্ত্রীর বহনকারী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাতক্ষীরা জেলার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের স্বপন কুমার রায়ের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী হান্না সরকারকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনি কার্যক্রম চলছিল বলে জানান খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট দিপু সরকার।
