বাংলার ভোর প্রতিবেদক :
দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটকরা হলেন যশোর শহরের বেজপাড়া রানার অফিস এলাকার নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী মহিবুল হাসান ইমন এবং উপশহর এলাকার যুব মহিলা লীগ নেত্রী শাহার বানু।
সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুর উন নবী জানান, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘির পাড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
ওই ঘটনায় আটক দুজনের সম্পৃক্ততা পাওয়ার দাবি করেছে পুলিশ। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
পরে বুধবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
