অভয়নগর সংবাদদাতা :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার থেকে ট্রাকভর্তি সরকারি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাটে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককেও গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
আটক ট্রাক চালকের নাম আব্দুল মান্নান অভয়নগর উপজেলার মশরহাটি এলাকার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেয়া হচ্ছিলো। গোপন খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।
পুলিশের প্রাথমিক ধারণা, কালোবাজারে বিক্রির উদ্দেশেই এসব সার যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিলো। অভিযানে ৭০০ বস্তা সার উদ্ধার করা হলেও সংশ্লিষ্ট ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তিনি আরও জানান, জব্দ করা সার বর্তমানে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
