সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় ইমার্জেন্সি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে রোববার বেলা ১২ টায় কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, ২০ এপ্রিল থেকে ১০ মে টানা ১১ কর্মদিবসের জেলার ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশু টিকা পাবে।
জেলায় মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে। যে সকল শিশু পূর্বে হামের টিকা পেয়েছে কিংবা রুবেলা রোগে আক্রান্ত হয়েছে তারাও টিকা পাবেন। তবে যেকোনো টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ না হলে ওই শিশুকে টিকা প্রদান করা যাবেনা। যে এলাকায় টিকা প্রদান করা হবে সেই এলাকায় তিন দিন মাইকিং চলবে। হামের পাশাপাশি নিয়মিত টিকাদান কেন্দ্র চলবে। সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল টিকাদান কেন্দ্রের টিকা দেয়া হবে।
এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপার শেখ আব্দুল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

