শ্যামনগর সংবাদদাতা
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক নারীর বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, শহিদুল ইসলাম, ডা. ইমাম হাসান প্রমুখ। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ জানান, “সুমাইয়া বন্যা” নামে এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা ন্যাক্কারজনক ও রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভুত। ওই বক্তব্যের নিন্দা জানিয়ে তারা বলেন, উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল একটি মিছিল অনুষ্ঠিত হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে নোংরা ও অশালীন স্লোগান দেয়া হয়েছে যা উদ্দেশ্যপ্রণোদিত। এটি রাজনৈতিক সহনশীলতা ও শিষ্টাচারের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয়, “সুমাইয়া বন্যা”র সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। তিনি অতীতেও দলের কোনো পর্যায়ের নেতা-কর্মী ছিলেন না এবং বর্তমানে তার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি সংশ্লিষ্ট নারী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিষ্কার করেছেন বলেও দাবি করা হয়। জামায়াত নেতারা বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনার দায়ভার রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে দেয়া হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। এ সময় নেতৃবৃন্দ সকল রাজনৈতিক দলকে পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

