খাজুরা সংবাদদাতা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের খাজুরায় অসহায় পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।
স্থানীয় জহুরপুর, বন্দবিলা ও রায়পুর ইউনিয়নের ৭৭ অসহায় পরিবারের প্রত্যেকে ঈদ উপহার হিসেবে ১ হাজার টাকা সহায়তা পেয়েছেন।
এ উপলক্ষে সোমবার বিকেলে খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠান করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি গোলাম রসুল বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান করা হচ্ছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দলীয় বিবেচনায় ঈদ উপহার বিতরণ করা হতো; কিন্তু বর্তমানে দলমত নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বাঘারপাড়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার।
এ সময় জহুরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুর কাদের, বন্দবিলা ইউনিয়নের আমির নুরুন্নবী ছামদানি ও রায়পুর ইউনিয়নের আমির গোলাম ইয়াহিয়াসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

