বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ায় কামগাজি পুকুরের পাড়ে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিশু দুটি হলো একই এলাকার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।
স্বজনরা জানান, বিকেলে পুকুরপাড়ে খেলার সময় শিশু দুটি সেখানে পড়ে থাকা কৌটাসদৃশ একটি বস্তু দেখতে পায়। অবুঝ শিশুরা সেটি নাড়াচাড়া করতে থাকলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ তাদের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
ডা. রাহুল দেব ঘোষ জানান, শিশু দুটির অবস্থা খারাপ। বিশেষত রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হবে। বর্তমানে উভয় শিশু হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
যশোর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

