বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহার দিন কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে কঠোর নির্দেশনা দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিদ্যুৎ, অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ঈদের দিন দুপুর ১টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে বিকেল ৪টার মধ্যে তা সম্পন্ন করতে হবে।
বুধবার সকালে যশোর পৌরসভা সভাকক্ষে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের উৎসাহিত করতে তার নিজ তহবিল থেকে ১ লাখ টাকা প্রণোদনা পৌর প্রশাসকের কাছে প্রদান করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট স্থানে যেন পৌরবাসী পশু কোরবানি দেন, সে বিষয়ে সচেতনতা তৈরিতে ইমাম পরিষদের মাধ্যমে লিফলেট বিতরণের নির্দেশ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, হিসাব রক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা, হিসাব রক্ষক আব্দুল হান্নান, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারূ কাক্কু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্যরা।
সভা শেষে দুপুরে প্রতিমন্ত্রী ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।

