বাংলার ভোর প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এই কমিটিতে সভাপতি হিসেবে আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দায়িত্ব পেয়েছেন।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে যশোর জেলার পাঁচজন নেতা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার মূল্যায়ন হিসেবে তাদের এই পদে আনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদিত তালিকা অনুযায়ী, যশোর থেকে স্থান পাওয়া নেতারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ (তালিকার ৫৮ নম্বর ক্রম), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ (তালিকার ১০৫ নম্বর ক্রম), পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন (তালিকার ১১৫ নম্বর ক্রম), গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাজু (তালিকার ১১৬ নম্বর ক্রম) এবং সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন (তালিকার ১৩১ নম্বর ক্রম)।
নতুন এই কমিটিতে যশোরের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের আশা, কেন্দ্রীয় পর্যায়ে যশোরের নেতাদের এই উপস্থিতি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ইতিমধ্যে কমিটির নতুন নেতাদের অভিনন্দন জানিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন এবং দলের অগ্রযাত্রায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।

