কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তান-শাশুড়িসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সলেমানপুর কারিগরপাড়া এলাকার জাহিদা বেগম (৫৫), রুমা খাতুন (৩৮), লাভলী খাতুন (২৯) ও রিফাত (১৯)। তারা সবাই অভিযুক্ত অহিদের শাশুড়ি, স্ত্রী, শ্যালিকা ও ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামের অহিদ গত প্রায় ছয় মাস ধরে শ্বশুরবাড়ি সলেমানপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে রোববার রাতে তিনি ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে ওই চারজন গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে তিনজনের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম রয়েছে। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে হামলার পর স্থানীয়রা অভিযুক্ত অহিদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এলাকাবাসীর অভিযোগ, অহিদ মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারউল্লা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

