মাগুরা সংবাদদাতা
অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
দুপুর সাড়ে ১২টায় জজ কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, পৌর যুবদলের সদস্য সচিব খান মাহাবুবুর রহমান শান্তি, শ্রীপুর থানা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অন্যদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশবিরোধী অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় মাগুরা সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমবেত হন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ হাসান, মাগুরা পৌর ছাত্রদলের সদস্য সচিব নবীর হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক টিপু সুলতান, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ঈমন মোল্লা এবং পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছিম বিল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

