বাংলার খেলা প্রতিবেদক
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যশোরের ক্রীড়া সংগঠক, সাঁতার কোচ ও আইনজীবী নজরুল ইসলাম। তাঁর এ মনোনয়নে যশোরের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
নজরুল ইসলাম এর আগে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ২০০৬-২০১০ মেয়াদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং সুইমিং পরিষদের সম্পাদক হিসেবে কাজ করছেন। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান যশোরের সাঁতার অঙ্গনে সুপরিচিত।
সাঁতারু হিসেবেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। ১৯৮০ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জয় করেন তিনি।
খেলোয়াড়ি জীবনের সেই অভিজ্ঞতাকে পরবর্তীতে সংগঠক ও কোচ হিসেবে কাজে লাগিয়ে যশোরে সাঁতারের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
যশোরের ঐতিহ্যবাহী থ্রি ব্রাদার্স ক্লাবের স্বত্বাধিকারী নজরুল ইসলাম কেবল সংগঠকই নন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অফিসিয়াল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার নতুন এই দায়িত্ব দেশের সাঁতার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন যশোরের ক্রীড়া সংগঠক ও সাঁতারপ্রেমীরা।

