অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে সুজন শেখ (২২) নামে এক যুবককে মাদক সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলঅ ১১টার দিকে উপজেলার চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত সুজন শেখ উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চলিশিয়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি করার অভিযোগ পেয়ে বুধবার সকালে চলিশিয়া গ্রামে সুজনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সামনে থেকে তাকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।
পরে তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকের পর সুজন শেখ অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দিপু বলেন, মাদকদ্রব্য সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে এ দণ্ড দেয়া হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
