নড়াইল সংবাদদাতা

নড়াইলের সদর উপজেলায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা ওই গ্রামের মাজেদুল শেখের দুই ছেলে।

এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটিয়া গ্রামে সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল।

এ সময় তাদের পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। এরপর বেশ কিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে আপন দুই ভাই আবু বক্কর ও ওমর ফারুককে পানিতে ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share.
Exit mobile version