অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, অ্যামিউনিশন, চাইনিজ কুড়াল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধার হওয়া জিনিস পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার ভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার ভোর রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে আব্দুল্লাহ আল মারুফ (২৮) নামে এক যুবকের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মারুফ পালিয়ে যায়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে সোমবার ভোর রাতে চলিশিয়া গ্রামে আব্দুল্লাহ আল মারুফের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মারুফ পালিয়ে গেলেও তার বসতঘর থেকে ৪টি পেট্রোল বোমা, ২ পিস অ্যামিউনিশন, একটি চাইনিজ কুড়াল, ১টি হকিস্টিক, ৫টি চাপট, ৩টি রামদা ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।

সকালে উদ্ধারকৃত অস্ত্র ও পেট্রোল বোমা অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘যৌথবাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, অ্যামোনেশন, চাইনিজ কুড়াল ও পেট্রোল বোমা হস্তান্তর করা হয়েছে। কোনো আসামি আটক নেই। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Exit mobile version