বাংলার ভোর প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোরে জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার উদ্যোগে পার্ক ভিউ রেস্টুরেন্টে শনিবার সকাল ৯ টায় শাখা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের সঞ্চালনায় এ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি আহমদ আব্দুল জলিল।
এছাড়া বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ নজমুল হুদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডক্টর ফারুক আহমেদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়জিদ হুসাইন, ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম নুরুল।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তারা ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শেষে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমকে সভাপতি, মোহাম্মদ আলী সরদারকে সিনিয়র সহ–সভাপতি, এইচ এম মহসিনকে সেক্রেটারি, মাওলানা কাজী ইমদাদুল্লাহকে জয়েন্ট সেক্রেটারি এবং মিয়া মোহাম্মদ আব্দুল হালিম ও প্রফেসর ড. ফারুক আহমেদকে উপদেষ্টা করে নতুন কমিটি ঘোষণা করেন দলটির যুগ্ম মহাসচিব।
এ সময় যশোর জেলার সকল দায়িত্বশীল এবং সকল উপজেলার সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক মন্ডলী উপস্থিত ছিলেন।

