কামরুজ্জামান টিটু :
বাংলা কবিতার বাঁকবদলের অন্যতম প্রধান কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ। শুক্রবার সন্ধ্যায় শহরের মাওলানা মোহাম্মদ আলী সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে একক আবৃত্তি, দ্বৈত আবৃত্তি, কবিতা থেকে একক সঙ্গীত, দ্বৈত সঙ্গীত, সমবেত সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীবৃন্দ।
এ সময় উদীচী জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, কিংশুক যশোরের সভাপতি একে সোহেল, নাট্য ও চলচ্চিত্র অভিনেতা সমু চৌধুরীসহ যশোরের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালের ১৩ মে মাত্র একুশ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
‘প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা/কবিতা তোমায় দিলাম আজকে ছুটি/ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়: পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, ‘সাবাস বাংলাদেশ/এ পৃথিবী অবাক তাকিয়ে রয়:জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, ‘চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ/ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল/এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সুকান্তের বিখ্যাত সব কবিতা।
