বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে মৌমাছি স্কুলের আয়োজনে ‘পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে যশোর টাউন হল ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনার পরিচালক (যুগ্মসচিব) হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, যশোর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম ও সোহরাব হোসাইন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মৌমাছি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি শামছুন্নাহার এবং সদস্য তরিকুল ইসলাম (তারু), আসিফ আকবর খান নিপ্পন ও নোসাইবা সোহেলী (বুবলি)।

এতে মৌমাছি স্কুলের ৩৬০ জন এবং সৃজনশৈলী সংগঠনের ৫৮ জন শিশু অংশ নেয়। শিশুদের পরিবেশনায় বাঙালির ঐতিহ্যভিত্তিক নাচ, গান ও আবৃত্তি উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে গত ২২ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত ‘শিশুর বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর চিত্রাঙ্কন, আবৃত্তি, গান ও নাচের বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬৮ শিশুর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
একই মঞ্চে মৌমাছি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সাধারণ বৃত্তি, ট্যালেন্টপুল বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসব শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়ন করছে।
