কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার অভিযোগে শাকিল আহমেদ (২৪) নামে আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার চাঁদড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চাঁদড়া গ্রামের বাসিন্দা এবং ১নং ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জুন কেশবপুর উপজেলার পরচক্রা ও সোনাতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী সড়কের ওপর পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল দুটিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় শক্তি প্রদর্শনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার পর উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। মামলার নম্বর-৮।
মামলার পর কেশবপুর থানা পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে এর আগে ১১ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বাকি আসামিদের গ্রেফতারে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় রোববার রাতে কেশবপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা শাকিল আহমেদকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রেকসোনা খাতুন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

