কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত জেলা প্রশাসক নোমান হোসেন স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক নোমান হোসেন। সভায় উপজেলার মাদক সমস্যা এবং সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম ও দুর্নীতি দমনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, মাদকের ভয়াবহতা উপজেলার সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করছে।

যুবসমাজকে রক্ষা করতে এখনই মাদকের শিকড় উপড়ে ফেলা প্রয়োজন। একই সাথে তারা স্থানীয় সাব-রেজিস্ট্রার অফিসের ব্যাপক অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ সেখানে জমি রেজিস্ট্রি করতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন এবং ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না।

সভায় উপস্থিত সাংবাদিকরা তথ্য-প্রমাণসহ দুর্নীতির চিত্র তুলে ধরেন এবং এর প্রতিকারে জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, প্রশাসন যদি মাদকের গডফাদার এবং অফিসের দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় তবে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।

জেলা প্রশাসক উপস্থিত সুধীজনদের আশ্বস্ত করে বলেন আমি এখানে মানুষের সেবা নিশ্চিত করতে এসেছি। মাদক ও দুর্নীতির বিষয়ে আমি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করব। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা যেসব সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন, তা গুরুত্বের সাথে তদন্ত করা হবে।

বিশেষ করে সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম বন্ধে ঝটিকা অভিযানসহ প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version