চুয়ডাঙ্গা সংবাদদাতা
বাসের চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে মেহেরপুর-চুয়াডাঙ্গা আন্ত জেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল খেকে চুয়াডাঙ্গার উদ্দেশে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি কোনো বাস।
এর আগে রোববার প্রশাসনের সঙ্গে বৈঠকের পরও মেলেনি কোনো সমাধান। রাতে শ্রমিকদের সঙ্গে বসে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান শ্রমিক নেতারা।
জানা গেছে, রবিবার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। বাসটি আমঝুপি এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেলের ওভারটেক করতে গিয়ে বিরোধ বাধে। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন। এই মারধরের প্রতিবাদে এ রুটে বাস ধর্মঘটের ডাক দেয়া হয়।
মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা জানান, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এ কর্মসূচির ডাক দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তিনি।
পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা বাস না পেয়ে ইজিবাইক ও অন্যান্য ইঞ্জিনচালিত যানবাহনে করে চুয়াডাঙ্গা যাওয়ার চেষ্টা করছেন।
মোসাহেদ নামের একজন জানান, তিনি চুয়াডাঙ্গা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। চুয়াডাঙ্গায় যেতে তার বাস ভাড়া লাগে ৫০ থেকে ৫৫ টাকা। আজ ইজিবাইকে যেতে ভাড়া চাচ্ছে ১৫০ টাকা।
মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, প্রশাসনের সঙ্গে বসে এর সুষ্ঠু সমাধান চান তারা। সমাধান না হলে জেলার আন্ত জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হবে।
তাতেও সমাধান না হলে প্রয়োজনে দূরপাল্লার সব পরিবহন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান বলেন, ‘যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকা জনদুর্ভোগ বাড়ছে। বিষয়টি দ্রুত সমাধানে উভয় পক্ষকে ডাকা হয়েছে।’
