চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও পুরাতন মামলার আসামি গ্রেফতার কার্যক্রমে যুবলীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন ৯ নম্বর স্বরূপদাহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের আশরাফ হোসেন (৫৪)।
যিনি ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে। তাকে একটি পুরাতন মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলা নাম্বার-১৩।
এছাড়া মাদকবিরোধী অভিযানে স্বরূপদা ইউনিয়নের পুরাপাড়া গ্রামের সাজেদুল ইসলাম (৪০) এবং নওদাপাড়া গ্রামের শিপনকে (২৫) আটক করা হয়।
পুলিশ জানায়, মাকাপুর পূর্বপাড়া সড়কের বিশ্বজিতের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় শিপনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং সাজেদুল ইসলামের কাছ থেকে ১৭পিস ইয়াবা ট্যাবলেট মোট ৩৪ পিস উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পুরাতন মামলার আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, চৌগাছা থানাকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কোনো অপরাধী বা অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।
রাজনীতিবিদ, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।
তিনি আরও জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

